আমতলী ইউনিয়নে গণভোট বিষয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬ রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৭নং আমতলী ইউনিয়নে গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) মাহিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে আয়োজিত গণভোটের গুরুত্ব তুলে ধরে ভোট প্রদান পদ্ধতি সম্পর্কে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও সাধারণ ভোটারদের অবহিত করেন। তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সকলকে সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানান। ৩৭নং আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মুন্নী দত্ত, মাহিল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ মাঠ পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন লিফলেট ও নির্দেশিকা উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়। SHARES আমতলী ইউনিয়ন বিষয়: