রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত অন্তর্বর্তীকালীন ১৫ সদস্য বিশিষ্ট পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বিল্টু চাকমা।
তার মনোনয়নের খবর প্রকাশের পর বাঘাইছড়ি উপজেলার বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় রয়েছেন বিল্টু চাকমা। খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জেলা বিএনপির সদস্য হিসেবেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় বিল্টু চাকমা বলেন, দলের পক্ষ থেকে তার ওপর যে আস্থা রাখা হয়েছে, সে জন্য তিনি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নীতিনির্ধারকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি বলেন, “এই দায়িত্বকে আমি সম্মান ও আমানত হিসেবে গ্রহণ করছি। বাঘাইছড়িসহ রাঙামাটির মানুষের স্বার্থ, অধিকার ও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
স্থানীয়রা আশা করছেন, জেলা পরিষদের সদস্য হিসেবে বিল্টু চাকমা বাঘাইছড়ির শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অবকাঠামো ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখবেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪