পাহাড়ের শিক্ষাঙ্গনে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দিতে রাঙামাটির বাঘাইছড়িতে কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্লাস পার্টি।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন সময় কাটান ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডারের সহধর্মিণী ফারজানা ইসলাম, ২৭ বিজিবির সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান ও তাঁর সহধর্মিণী নাসরিন রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন কাঁচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক সাজু আহম্মেদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অভিভাবকবৃন্দ।
ক্লাস পার্টির বিশেষ আকর্ষণ ছিল জোন কমান্ডারের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আনন্দে অংশগ্রহণ। তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কেক কাটেন এবং তাদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটান। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসাহ দেখা যায়। পুরো বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়।

এ সময় প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পড়াশোনার মান ও পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক। পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়টি সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।
তিনি বলেন, এ বিদ্যালয়কে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক। সবাই মিলেমিশে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পাহাড় গড়ে তুলতে ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের জন্য এমন আনন্দঘন আয়োজন করায় মারিশ্যা জোন ও বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নানা আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪