প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
বাঘাইছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারন করে রাঙ্গামাটির বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাদিমুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার, সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন, ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে। শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশকে এগিয়ে নেওয়া, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। শহীদদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আন্দোলনে আহত ও অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা সহ নানা আয়োজন করা হয়েছে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |