প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৬, ২০২৬, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৫, ২০২৬, ৪:১০ পূর্বাহ্ণ
বাঘাইছড়িতে নির্বাচনী পথসভায় শান্তি ও উন্নয়নের বার্তা দীপেন দেওয়ানের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি-২৯৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান নির্বাচনী এলাকায় টানা গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) তিনি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার, বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী বাজার, রূপকারী এলাকা, মারিশ্যা ইউনিয়নের তুলাবান এবং বাঘাইছড়ি উপজেলা সদর চৌমুহনী চত্বরে একাধিক নির্বাচনী পথসভায় অংশ নেন। এর আগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তিনি আমতলী ইউনিয়ন, খেদারমারা ইউনিয়ন ও বাঘাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন।
নির্বাচনী পথসভাগুলোতে বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট দীপেন দেওয়ান বাঘাইছড়িবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন বলেন, বাঘাইছড়িবাসী যদি আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেন তাহলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, বিএনপি সরকারের আমলে নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছিল। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দেশের মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে রাঙ্গামাটিতে সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে দুর্নীতি ও ঘুষবাণিজ্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। তিনি দাবি করেন, বিএনপির শাসনামলে সুশাসন প্রতিষ্ঠিত ছিল, দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে ছিল এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল। মারিশ্যা ইউনিয়নের পথসভার বক্তব্যে তিনি বলেন পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার জন্য যা যা করা দরকার আমি করবো সবাই শুধু বেশী বেশী ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।
পথসভাগুলোতে বিএনপির নেতাকর্মীরা দলের ৮ দফা কর্মসূচি তুলে ধরে বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কৃষিখাতের আধুনিকায়ন, খাল খনন, কর্মসংস্থান সৃষ্টি এবং তথ্য ও প্রযুক্তিখাতকে আরও শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হবে।
এ সময় এডভোকেট দীপেন দেওয়ানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল মনীষ দেওয়ান (অব.), জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মৈত্রী দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, বাঘাইছড়ি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী নিজাম উদ্দিন বাবু, যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন বাহারি, জাবেদুক আলম ও রহমত উল্লাহ খাজা, সদস্য সচিব ওমর আলীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিটা পথসভায় স্থানীয় জনসাধারণের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |