ঐতিহাসিক শোহদায়ে বদর দিবস উপলক্ষে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কুরআন তেলোয়াত প্রতিযোগিতা, মিলাদ, কিয়াম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বাদ যোহর বাঘাইছড়ি চৌমুহনী মুক্তমঞ্চে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি আলহাজ্ব মাওলানা আবু হানিফ নঈমী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুহাম্মদ আবদুল বারী।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং গাউসিয়া কমিটি বাঘাইছড়ি শাখার সভাপতি আবুল কালাম।
এছাড়াও মডেল টাউন জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মুহাম্মদ হোসাইন, কাচালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ রবিউল ইসলাম, মধ্যম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ রবিউল আলম, শাহদাত হোসেন, আতিকুর রহমানসহ বদর দিবস উদযাপন প্রস্তুতি কমিটির সদস্যবৃন্দ ও অসংখ্য আমন্ত্রিত অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কুরআন তেলোয়াত প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মিলাদ, কিয়াম, দোয়া-মুনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।