জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে রাঙামাটির বাঘাইছড়িতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

কাচালং সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মীর কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক আদর্শ নতুন প্রজন্মের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর জীবন ও সাহিত্য থেকে শিক্ষার্থীরা দেশপ্রেম, মানবিকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার শিক্ষা পেতে পারে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা।
শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪