প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
বাঘাইছড়িতে বিএনপির বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার (৭ নভেম্বর) বিকালে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, রাঙামাটি জেলা বিএনপির সদস্য ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা, উপজেলা বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম এবং রাঙ্গামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিন সিপাহি-জনতার ঐক্য ও জাতীয় সংহতির যে চেতনা প্রকাশ পেয়েছিল, তা দেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে বলেন, তাঁর নেতৃত্ব দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও বহুদলীয় গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তাঁরা আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, আইনের শাসন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪
দৈনিক বাঘাইছড়ি © ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত |