পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে রাঙামাটির বাঘাইছড়িতে শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন। এ কার্যক্রমের আওতায় শিলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ এবং কজইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাঘাইহাট জোনের আওতাধীন মাসালং আর্মি ক্যাম্পের উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।

জানা গেছে, শিলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাঘাইহাট সেনা জোনের সার্বিক সহযোগিতায় নির্মিত হয়েছে। দুর্গম এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বিদ্যালয়ে পাঠদানের উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে বিদ্যালয়টি নির্মাণে সহযোগিতা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় এবার শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং জনকল্যাণে সেনাবাহিনী বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখে স্থানীয় জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে বাঘাইহাট জোন।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪