প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সাজেক ভ্যালিকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা।

“শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন” এই মূলমন্ত্রকে ধারণ করে পরিচালিত এ কর্মসূচি স্থানীয় ব্যবসায়ী, রিসোর্ট মালিক ও পর্যটন সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
সম্প্রতি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের পর্যটন এলাকায় আয়োজিত এ সভায় পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পর্যটন এলাকার সৌন্দর্য রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় রিসোর্ট মালিক, দোকানদার, রেস্টুরেন্ট ব্যবসায়ী ও ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।
আলোচনায় সাজেকের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং পর্যটন এলাকাকে প্লাস্টিকমুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে সবাইকে নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
সভায় সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় প্রতিটি দোকান, রেস্টুরেন্ট ও রিসোর্টের সামনে দুটি করে ডাস্টবিন স্থাপন করা হবে, যেখানে পৃথকভাবে প্লাস্টিক ও পচনশীল বর্জ্য সংরক্ষণ করা হবে। নির্ধারিত স্থান ছাড়া কোথাও ময়লা বা বোতল ফেলা যাবে না। প্রতি বুধবার বিকেল ৩টা থেকে কংলাক হতে সাজেক পুলিশ ফাঁড়ি পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে এবং প্রতিটি প্রতিষ্ঠান থেকে একজন প্রতিনিধি বাধ্যতামূলকভাবে এতে অংশগ্রহণ করবেন।
এছাড়া সাজেকে প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা না থাকায় এসব বর্জ্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাঘাইহাট জোনের মাধ্যমে খাগড়াছড়িতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপস্থিত সকলেই মত প্রকাশ করেন যে, সেনাবাহিনীর এমন সময়োপযোগী উদ্যোগ সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি পর্যটকদের জন্য আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও আকর্ষণীয় সাজেক গড়ে তুলতে সহায়ক হবে।
সম্পাদক – মাহমুদুল হাসান সোহাগ | ঠিকানা – বাঘাইছড়ি, রাঙ্গামাটি | মোবাইল- ০১৬৯০-১৪৪৫৪