২৭ বিজিবির নির্বাচনকালীন পরিস্থিতিগত প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তা জোরদারে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় দিনব্যাপী পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (STX) ও চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মারিশ্যা জোন সদর প্রশিক্ষণ মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন মারিশ্যা জোন কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।
মহড়ায় নির্বাচনী পরিবেশে উদ্ভূত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, দাঙ্গা দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সদস্যদের বিভিন্ন কৌশলগত সক্ষমতা প্রদর্শন করা হয়। একই সঙ্গে বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা যাচাই এবং মাঠপর্যায়ে বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুশীলন শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন,
“বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত।”
উক্ত পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলনে মারিশ্যা ব্যাটালিয়নের পদস্থ অফিসার, জুনিয়র কর্মকর্তা এবং বিভিন্ন পদবীর বিপুল সংখ্যক বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।
বাস্তবমুখী এ মহড়া স্থানীয় জনগণের মাঝে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।