উগলছড়ি ব্রিজ এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট উদ্ধার

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

সোমবার (১৮ মে) রাত আনুমানিক ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ আবুল কালামের নেতৃত্বে বিজিবির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মাথায় বহনকৃত প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২টি প্লাস্টিকের বস্তা থেকে ভারতীয় ESSE Lights ব্র্যান্ডের ৩০ কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের সিজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম চালানোর চেষ্টা করলেও বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।