কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬ রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের গভর্নিং বডির সভাপতি ও মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর এম শাহিনুর রহমান, বিজিওএম, পদাতিক, উপ-অধিনায়ক, মারিশ্যা জোন (২৭ বিজিবি)। এ সময় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় দৌড়, মোরগ লড়াই, ঝুড়িতে বল নিক্ষেপ, রশি লাফ, লং জাম্প, বেলুন ফুটানো, গ্লাস খেলা, ব্যাডমিন্টন, স্মৃতি পরীক্ষা, পিরামিড তৈরি, শিশুদের মজার খেলা ও অতিথি মহিলাদের জন্য বিশেষ ইভেন্টসহ নানা ধরনের ক্রীড়া আয়োজন করা হয়। শিক্ষার্থীরা আনন্দ ও উদ্দীপনার সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করে, যা মাঠজুড়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সুস্থ মানসিক বিকাশ ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। SHARES খেলাধুলা বিষয়: