সাজেক–বাঘাইছড়িতে নির্বাচনী নিরাপত্তায় ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবে বিজিবি

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকসহ সীমান্তবর্তী ভোটকেন্দ্র এবং ৯৬ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে ড্রোন, বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর ও আধুনিক যোগাযোগ সরঞ্জাম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২ ফেব্রুয়ারী) সকালে সাজেক এলাকায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় বঙ্গলতলী ও সাজেক ইউনিয়নের নির্বাচনী এলাকায় ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় দুটি বেইজ ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিজিবি একটি পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সক্রিয় ভূমিকা পালন করবে।
তিনি জানান, নির্বাচনী দায়িত্ব পালনের সময় বিজিবি বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন, আধুনিক যোগাযোগ সরঞ্জামসহ বিভিন্ন ধরনের রায়ট কন্ট্রোল সামগ্রী ব্যবহার করবে। এসব প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, বাঘাইহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯৬ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছেন এবং নিয়মিত টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।