ছয় শতাধিক বন্যার্তদের পাশে মারিশ্যা জোন, ২৫০ জন পেলো চিকিৎসাসেবা MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৬ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)। জোনের উদ্যোগে আশ্রয়কেন্দ্রে থাকা ১৫০টি পরিবারের ছয় শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে রান্না করা উন্নতমানের খাবার, সুপেয় পানি বিতরণের পাশাপাশি ২৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। রবিবার (১২ জুলাই) জোন কমান্ডারের নেতৃত্বে উপজেলার বায়তুশ শরফ মাদ্রাসা, আয়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। বন্যার কারণে খাদ্যসংকটে পড়া মানুষের তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় বিজিবির সদস্যরা সুশৃঙ্খলভাবে খাদ্য ও সুপেয় পানি বিতরণ করেন। এ সময় নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়। সহায়তা কার্যক্রম চলাকালে জোন কমান্ডার আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যাদুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন, দুর্যোগের এই সময়ে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। এদিকে, মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, এএমসি-এর নেতৃত্বে আয়োজিত বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে প্রায় ২৫০ জন রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দায়িত্বের অংশ। তিনি জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বন্যাকবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES বাঘাইছড়ি পৌরসভা বিষয়: