পার্বত্য চট্টগ্রাম বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত, আলোচনায় সাজেক ইস্যু প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা, এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সদস্য সাচিং প্রু, এমপিসহ কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, দীপেন দেওয়ান, শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জহিরুল ইসলাম এবং মাছুম মোস্তফা, এমপি অংশগ্রহণ করেন। বৈঠকে পার্বত্য অঞ্চলের প্রত্যাগত শরণার্থী ও গুচ্ছগ্রামে বসবাসরত অ-উপজাতীয়দের রেশন কার্ড বিতরণে অনিয়ম দূর করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ নিশ্চিত করতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদ এবং সেসব পদ পূরণে গৃহীত কার্যক্রমের বিস্তারিত তথ্য আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করে কমিটি। বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরগুলোতে সংঘটিত কোনো অনিয়ম বা দুর্নীতি থাকলে তার বিবরণ ও এ বিষয়ে গৃহীত পদক্ষেপও আগামী বৈঠকে জানানোর সুপারিশ করা হয়। বৈঠকে বিশেষ গুরুত্ব পায় সাজেক ইস্যু। এ বিষয়ে সংশ্লিষ্ট সব ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য মন্ত্রণালয় কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তা আগামী বৈঠকে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। এদিকে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পে কর্মরত পাড়াকর্মীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের হ্রাসকৃত সম্মানী ভাতা সম্মানজনক হারে বাড়ানোর সুপারিশ করেছে কমিটি। বৈঠকে আগামী ডিসেম্বর ২০২৬ সালে তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে নিয়ে বৈঠক ও পরিদর্শন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত বাজেটের বিভাজন ও সুষম বণ্টন, খাদ্যশস্য বরাদ্দ, ব্যয় পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ প্রদান করে কমিটি। বৈঠকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তি, ৫ নভেম্বর ২০২৬। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES পার্বত্য চট্টগ্রাম বিষয়: