দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে বাঘাইছড়িতে বিজিবি, উপহার পেলেন অর্ধশত পরিবার

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৬
oppo_0

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি জোরদার ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে রাঙামাটির বাঘাইছড়িতে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি অর্ধশতাধিক অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিদর্শন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। পরে মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ৫০টি পরিবারের হাতে পূজার উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর ইসরাক, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পঞ্চম কর্মকার, বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শনকালে জোন কমান্ডার বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে বিজিবি প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।

এ সময় তিনি মন্দিরের পূজারি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় পূজা উদযাপন কমিটি ও উপহার পাওয়া পরিবারগুলো। তাদের মতে, এ ধরনের মানবিক কার্যক্রম ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।