সাজেকে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৬ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের দুর্গম মাসালং মিলনপাড়া এলাকায় সেনাজোনের উদ্যোগে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত মাসালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেনাজোনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব চিটাগাং ফিনিক্সের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয়। চিকিৎসা ক্যাম্পে সাজেক ইউনিয়নের বিভিন্ন এলাকা ও আশপাশের পাড়া থেকে আসা শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। পাশাপাশি ৪১ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। চিকিৎসা কার্যক্রমে সেনাজোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব এবং চট্টগ্রাম লায়ন্স হসপিটাল থেকে আগত চক্ষু বিশেষজ্ঞরা রোগীদের চিকিৎসাসেবা দেন। এছাড়া চিকিৎসা ক্যাম্পে প্রাথমিকভাবে নির্বাচিত ১৫ জন রোগীকে আগামী ২২ সেপ্টেম্বর সেনাজোনের নিজস্ব ব্যবস্থাপনায় চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালে চোখের অপারেশনের জন্য নেওয়া হবে বলে জানানো হয়েছে। সেনাজোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক, সাজেক পর্যটন এলাকা ও ক্ষেত্রপুরসহ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় মাসালং এলাকায় এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাজোনের পক্ষ থেকে জানানো হয়েছে। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: