চিকিৎসা সহায়তায় অসুস্থ ব্যক্তির পাশে সেনাবাহিনীর বাঘাইহাট জোন প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬ মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে গুরুতর অসুস্থ এক ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল)। বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের আওতাধীন বাঘাইহাট জোনের উদ্যোগে বাঘাইহাট সেগুনবাগান এলাকার বাসিন্দা ও বাঘাইহাট পোস্ট অফিসের কর্মচারী মোঃ মিজানুর রহমানের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়। জানা যায়, ২০২২ সালে সাজেকে পণ্য পৌঁছে দিয়ে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মোঃ মিজানুর রহমান। দুর্ঘটনায় তাঁর কলার বোন ভেঙে যায় এবং মাথায় গুরুতর আঘাত লাগে। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ করলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় এবং পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ বহন করতে হিমশিম খাওয়ার বিষয়টি জানতে পেরে বাঘাইহাট জোন তাঁর চিকিৎসা ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করে। সহায়তা গ্রহণের সময় মোঃ মিজানুর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সহায়তা তাঁর চিকিৎসা চালিয়ে যেতে এবং পরিবারের আর্থিক চাপ কিছুটা লাঘব করতে সহায়ক হবে। স্থানীয়রা জানান, মানুষের দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তাবোধকে আরও দৃঢ় করে। তারা বাঘাইহাট জোনের এ উদ্যোগকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন জানিয়েছে, পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। SHARES সাজেক ইউনিয়ন বিষয়: