চট্টগ্রামে সফল চক্ষু অপারেশন শেষে সাজেকে ফিরলেন ১৭ পাহাড়ি-বাঙালি রোগী

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬

রাঙামাটির সাজেকের দুর্গম এলাকার ১৭ জন পাহাড়ি ও বাঙালি রোগী চট্টগ্রামের লায়ন্স হসপিটালে চক্ষু চিকিৎসা ও অপারেশন শেষে সুস্থ হয়ে সাজেকে ফিরেছেন।

সাজেক সেনা জোনের মানবিক সহায়তা ও উদ্যোগে তাদের এ চিকিৎসাসেবা দেওয়া হয়। চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের শনাক্ত করার পর উন্নত চিকিৎসার জন্য সাজেক সেনা জোনের নিজস্ব অর্থায়নে তাদের চট্টগ্রামের লায়ন্স হসপিটালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীদের চক্ষু অপারেশন সম্পন্ন করা হয়।

চিকিৎসা শেষে ১৭ জন রোগী নিরাপদে সাজেকে ফিরে আসেন। এ সময় রোগী ও তাদের স্বজনরা চিকিৎসার ব্যবস্থা ও সার্বিক সহযোগিতার জন্য সাজেক সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাজেক সেনা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।