সাজেকে এমএন লারমার স্মরণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমা(এম এন লারমা)র ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বড় কমলাকে ৩০টির অধিক গ্রামবাসীর উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বড় কমলাকে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নতুন প্রজন্মের কাছে মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন, আদর্শ, রাজনৈতিক দর্শন ও সংগ্রামের ইতিহাস তুলে ধরা এবং তাঁর চিন্তাধারা সম্পর্কে শিশু-কিশোরদের মধ্যে সচেতনতা গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতা শুরুর আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পরিচিতি পর্ব। এতে সঞ্চালনা করেন শিক্ষক অতুল বরণ চাকমা। তিনি মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন ও রাজনৈতিক দর্শন এবং অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদের সামনে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড মেম্বার বিব্রকান্তি চাকমা, বড় কমলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোয়েল চাকমা, ছয়নাল ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীরণ চাকমা, দাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব চাকমা, তালছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দিলীপ চাকমা এবং কার্বারী মহল্লাল চাকমা প্রমুখ। অতুল বরণ চাকমা বলেন, মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা শুধু জুম্ম জনগণের অধিকার ও আত্মনিয়ন্ত্রণের প্রশ্নে সোচ্চার ছিলেন না; তিনি বাংলাদেশের মেহনতি, শ্রমজীবী, কৃষক ও নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার কথাও বলেছেন। তাঁর রাজনৈতিক দর্শনে শোষণ-বৈষম্যহীন, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। তাঁর জীবন, আদর্শ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও অধিকার সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাজেক ইউনিয়নের আটটি বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিচারকেরা শ্রেণিভিত্তিক তিনটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নির্বাচন করেন। অন্যদিকে, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাজেক আবাসিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা রচনার মাধ্যমে মহান নেতার জীবন, রাজনৈতিক দর্শন, আদর্শ ও সংগ্রাম সম্পর্কে নিজেদের চিন্তা ও উপলব্ধি তুলে ধরে। আয়োজকদের মতে, সাজেকের প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোরদের সৃজনশীল চর্চায় উৎসাহিত করার পাশাপাশি মানবেন্দ্র নারায়ণ লারমার জীবনদর্শন, মানবিক মূল্যবোধ ও সাম্যের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নিজেদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার পাশাপাশি অধিকার, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক চিন্তার বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES শিক্ষাঙ্গন বিষয়: