কাচালং সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৬ রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ‘হে নবীন, এসো আলোর মিছিলে’ প্রতিপাদ্যকে ধারণ করে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘাইছড়ি উপজেলা আমির কবির আহামদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আফসার হোসেন, প্রভাষক লালন কান্তি চাকমা, কাচালং দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক ও বাঘাইছড়ি থানার এসআই জাহিদুল ইসলামসহ অনেকে। কলেজের প্রভাষক কনি চাকমা ও প্রভাষক স্মরনিকা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক দেবপ্রত দেওয়ান। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাসরিন আক্তার। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. সাকিব হোসেন। নবাগতদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন সঙ্গীতা চাকমা। এছাড়া বক্তব্য রাখেন বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, প্রভাষক অসীম চক্রবর্ত্তী ও প্রভাষক আমির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে কলেজের সাবেক অধ্যক্ষ দেবপ্রসাদ দেওয়ান নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সময়ের মূল্য বুঝে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে জীবনের অংশ করতে হবে। মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। কাচালং কলেজের গৌরবময় ঐতিহ্য ধরে রেখে নবাগত শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। বক্তারা কাচালং সরকারি ডিগ্রি কলেজের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে নবাগত শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে মাদক থেকে দূরে থেকে সুন্দর জীবন গড়ে তোলা, নিয়মিত কলেজে উপস্থিত থাকা এবং প্রতিটি ক্লাসে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তারা। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ‘আমি নিজেও কাচালং কলেজের শিক্ষার্থী ছিলাম। বর্তমানে এই কলেজের দায়িত্বে রয়েছি। কাচালং কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখান থেকে পড়াশোনা করে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন অসংখ্য শিক্ষার্থী। অনেক শিক্ষার্থী দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।’ তিনি ভবিষ্যতেও কলেজের শিক্ষার মান উন্নয়ন ও অগ্রযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। SHARES শিক্ষাঙ্গন বিষয়: