উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের দেয়ালিকা ও মাল্টিমিডিয়া ল্যাব উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা, বই ও অভিনন্দনপত্র প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন দত্তসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও মেধার বিকাশে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের প্রতিভা বিকাশে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। পরে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা, বই ও অভিনন্দনপত্র তুলে দেন। SHARES শিক্ষাঙ্গন বিষয়: