ভারতে পাচারকালে ২৭ বিজিবির অভিযানে রসুন ও চাঁদের গাড়ি জব্দ প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ১ হাজার ৭১৯ কেজি বাংলাদেশি রসুনসহ একটি চাঁদের গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা রসুন ও গাড়ির সিজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মাঝিপাড়া-কচুছড়ি সীমান্ত সড়ক ব্যবহার করে রসুন পাচারের চেষ্টাকালে কচুছড়ি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। আটককৃত ব্যক্তিরা হলেন বাঘাইছড়ি উপজেলার ভূইয়াছড়া গ্রামের রঞ্জিত কুমার চাকমার ছেলে বিনয় চাকমা (২৫) ও প্রবাত চন্দ্র চাকমার ছেলে রিপন চাকমা (১৯)। মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, একটি চাঁদের গাড়িতে করে বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে রসুন নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্বর নেতৃত্বে একটি টহল দল কচুছড়ি চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। পরে চেকপোস্টের দিকে আসা সন্দেহভাজন চাঁদের গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ৪৪ বস্তা বাংলাদেশি রসুন উদ্ধার করা হয়। বস্তাগুলো পরিমাপ করে মোট ১ হাজার ৭১৯ কেজি রসুন পাওয়া যায়। এ সময় রসুন পরিবহনে ব্যবহৃত চট্টগ্রাম-খ-৩৯৬৩ নম্বরের একটি চাঁদের গাড়িসহ দুইজনকে আটক করা হয়। বিজিবি জানায়, জব্দ করা রসুন ও চাঁদের গাড়ির সর্বমোট সিজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার ৭০০ টাকা। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা রসুন ও গাড়িসহ তাদের বাঘাইছড়ি থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বাঘাইছড়ি থানায় ২৭ অক্টোবর ২০২৬ তারিখে মামলা নম্বর ০৬ দায়ের করা হয়েছে। এ বিষয়ে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের তৎপরতা বাড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, এসব কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি আভিযানিক টহল অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও চোরাচালান দমনে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। SHARES অপরাধ বিষয়: