বাঘাইছড়িতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, জব্দ ৫ বালুর স্তূপ ও ৩ সেলু মেশিন

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়িতে অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে বালুর পাঁচটি স্তূপ ও বালু উত্তোলনে ব্যবহৃত তিনটি সেলু মেশিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার ৩৩নং মারিশ্যা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন মারিশ্যা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের অভিযোগের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে।

অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচটি বালুর স্তূপ এবং তিনটি সেলু মেশিন জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল ৩৭৮ নম্বর মারিশ্যা মৌজার হেডম্যান এন্ড্রু খিসার জিম্মায় দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের জেলা পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুরাতন মারিশ্যা এলাকায় অভিযান চালানো হয়েছে। বেআইনিভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি রোধে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।