২৭ বিজিবির অভিযানে বাঘাইছড়িতে ৩৮ বোতল কেয়ারু মদ জব্দ

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল বাংলাদেশি কেয়ারু (CAREW) মদ জব্দ করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস-এর নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা রাস্তার পাশে জঙ্গলে ১৮০ মিলিলিটার ধারণক্ষমতার ৩৮ বোতল বাংলাদেশি কেয়ারু মদ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করেন।
জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৫৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় মারিশ্যা জোন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারিদের বিভিন্ন কৌশলে চোরাচালানের চেষ্টা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।