দুইটিলায় কারবারি সম্মেলন, রাইন্যাবনছড়া স্কুলে শিক্ষা উপকরণ দিল সেনাবাহিনী

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়িতে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও রাইন্যাবনছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় দুইটিলা আর্মি ক্যাম্পে এ কারবারি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে কারবারিদের সঙ্গে মতবিনিময় করেন সেনাবাহিনীর সদস্যরা। সম্মেলনে ক্যাম্প কমান্ডার, সেনাসদস্য, কারবারি এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ৪০ জন অংশগ্রহণ করেন।
সম্মেলনের শুরুতে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খন্দকার মেহেদী হাসান উপস্থিত কারবারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত ও পরামর্শ জানতে চান।
এ সময় স্থানীয় কারবারিরা এলাকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। নিয়মিত সেনা টহলের কারণে এলাকায় নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে বলেও তারা জানান। পাশাপাশি চাঁদা আদায়ের প্রবণতা কমে যাওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা তুলনামূলক স্বস্তির সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারছেন বলে মত প্রকাশ করেন।


সম্মেলন শেষে রাইন্যাবনছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সামগ্রী হিসেবে চেয়ার, টেবিল ও বেঞ্চ বিতরণ করা হয়। বিদ্যালয়ে পর্যাপ্ত আসবাবপত্র না থাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনায় যে সমস্যার সৃষ্টি হচ্ছিল, তা নিরসনে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব সামগ্রী প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়েন চাকমা, স্থানীয় কারবারি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষা সহায়ক সামগ্রী পেয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি ও সাধারণ জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও জনকল্যাণে সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।