বাঘাইহাট জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৬
পরিবেশ সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ এবং পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাঘাইহাট জোন সূত্রে জানা যায়, পর্যায়ক্রমে সাজেক ও রূপকারী ইউনিয়নেও এ বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।
২৪ পদাতিক ডিভিশন ও ২০৩ পদাতিক ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সারা বছরব্যাপী প্রায় তিন লক্ষ গাছের চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা পাহাড়ি এলাকার বিভিন্ন স্থানে রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।
এ সময় বাঘাইহাট জোনের জোন কমান্ডার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পাহাড়ি এলাকায় বৃক্ষরোপণ ভূমিধস প্রতিরোধ, মাটির উর্বরতা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ সেনাবাহিনী জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।