বাঘাইছড়ি সীমান্তে বিজিবির সফল অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও ১০ কার্টন সিগারেট উদ্ধার প্রকাশিত: ১:৪৪ পূর্বাহ্ণ, জুলাই ৩১, ২০২৬ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টুন বিদেশি প্যাট্রন (Patron) সিগারেট উদ্ধার করেছে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই চোরাকারবারী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। তার সঙ্গে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এবং একটি বিশেষ টহল দল অংশ নেয়। বিজিবি জানায়, চোরাচালানের একটি বড় চালান আটকের লক্ষ্যে আগে থেকেই ওই এলাকায় ফাঁদ পেতে অবস্থান নেয় টহল দল। রাত ১০টা ১৫ মিনিটের দিকে দুই অজ্ঞাত ব্যক্তি ব্যাগ হাতে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় তারা ব্যাগ ফেলে দুর্গম পাহাড়ি এলাকায় পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিলিমিটার চায়না নির্মিত C&LG বিদেশি পিস্তল, সাত রাউন্ড ৭.৬২ মিলিমিটার তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি প্যাট্রন সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও সিগারেটের মালিক শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি। মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। চোরাকারবারীরা বিভিন্ন নতুন কৌশল অবলম্বন করায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম দমনে ভবিষ্যতেও বিজিবির অভিযান ও টহল কার্যক্রম আরও জোরালোভাবে অব্যাহত থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি) SHARES বাঘাইছড়ি ইউনিয়ন বিষয়: