ইউ এন ওর উদ্যোগে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্টফিডিং কর্ণার স্থাপন

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৬
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা দুগ্ধদানকারী মা ও শিশুদের জন্য চালু করা হয়েছে ব্রেস্টফিডিং কর্নার। মায়েদের স্বাচ্ছন্দ্য, গোপনীয়তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজানের উদ্যোগে এ কর্ণার স্থাপন করা হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ব্রেস্টফিডিং কর্নারটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: নাদিমুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন (সবুজ), বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
হাসপাতালে চিকিৎসা নিতে এসে অনেক মা শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য উপযুক্ত ও ব্যক্তিগত পরিবেশ পান না। ফলে অনেক ক্ষেত্রে অস্বস্তি ও সংকোচের সৃষ্টি হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে মায়েদের জন্য পরিচ্ছন্ন, নিরাপদ ও নিরিবিলি পরিবেশ তৈরির লক্ষ্যে এই কর্নার স্থাপন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, মা ও শিশুর সুস্বাস্থ্যের জন্য মাতৃদুগ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ,  হাসপাতালে ব্রেস্টফিডিং কর্নার চালু হওয়ায় চিকিৎসাসেবা নিতে আসা মায়েরা স্বাচ্ছন্দ্যে সন্তানকে বুকের দুধ পান করাতে পারবেন। এতে শিশুদের সময়মতো মাতৃদুগ্ধ নিশ্চিত করার পাশাপাশি মায়েদের ভোগান্তিও কমবে।
তিনি এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, হাসপাতালের মতো জনবহুল স্থানে দুগ্ধদানকারী মায়েদের জন্য আলাদা একটি স্থান থাকা জরুরি। ব্রেস্টফিডিং কর্নারের মাধ্যমে মায়েরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে সন্তানকে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এমন একটি সুবিধা চালু হওয়ায় চিকিৎসাসেবা নিতে আসা মা ও শিশুদের জন্য হাসপাতালের সেবার মান আরও মানবিক ও জনবান্ধব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।