এমপি দীপেন দেওয়ানের উদ্যোগে আমতলীতে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম আমতলী ইউনিয়নের পাবলাখালী (আমতলী) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্যমন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের উদ্যোগে এবং তাঁর অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বাঘাইছড়ির সরবরাহ করা এসব স্কুল ড্রেস শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
‎
‎মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ড্রেস বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্চায়ন চাকমা, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ।
‎
‎বিদ্যালয়ের সহকারী শিক্ষক হামিদুর রহমান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ও আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু, বিদ্যালয়ের প্রতষ্ঠাতা সাবেক সভাপতি রুহুল আমীন হোসাইনী।
‎
‎বক্তারা শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণসহ আমতলী ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করায় সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, একই সঙ্গে পাবলাখালী (আমতলী) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ, বর্তমান ভবন সংস্কার এবং বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন, পাবলাখালী (আমতলী) সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাঘাইছড়ি উপজেলার অত্যন্ত দুর্গম এলাকায় অবস্থিত। এমন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস প্রদানের উদ্যোগ নেওয়ায় তিনি সংসদ সদস্য দীপেন দেওয়ানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন,  বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য দ্রুত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আহবান জানানোর আশ্বাস প্রদান করেন। 
‎তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিলেই দায়িত্ব শেষ হয় না; সন্তানরা নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী হচ্ছে কি না এবং তাদের শিক্ষার অগ্রগতি কেমন সেদিকে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখতে হবে। শিশুদের পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও ভালো আচরণ শেখানোর প্রতিও গুরুত্ব দিতে হবে। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা থাকলে শিক্ষার্থীদের শিক্ষার মান আরও উন্নত হবে। দুর্গম এলাকার কোনো শিশুই যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
‎
সভাপতির বক্তব্যে মো. আল আমিন বলেন, ‘এই বিদ্যালয়েই আমার বেড়ে ওঠা। এই মাঠেই খেলাধুলা করে বড় হয়েছি। নিজের শিক্ষাজীবন পার করতে গিয়ে যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি, সেই বাধা-বিপত্তিগুলো দূর করার লক্ষ্য নিয়েই আমি কাজ করার চেষ্টা করছি।’
‎তিনি আমতলী ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস প্রদানের উদ্যোগ গ্রহণ করায় সংসদ সদস্য দীপেন দেওয়ানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আমতলী ইউনিয়নের ধারাবাহিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংসদ সদস্যের বিশেষ সুদৃষ্টি রয়েছে বলেও উল্লেখ করেন।
‎
সমাবেশ শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‎