দুর্গম কমলাপাড়ায় ২৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল মারিশ্যা জোন MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ কমলাপাড়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ২৭ বিজিবির মারিশ্যা জোন। বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণের মাধ্যমে স্থানীয় ২৫০ জন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে মারিশ্যা জোনের উদ্যোগে কমলাপাড়া টিওবির দায়িত্বপূর্ণ এলাকায় কমলাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাসান ইমাম, এএমসি উপস্থিত থেকে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন। মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন এবং স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি। এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। মতবিনিময়কালে জোন কমান্ডার বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্গম এলাকায় বসবাসরত মানুষের জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনায় অনুপ্রেরণা জোগাবে। তিনি আরও বলেন, স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ বিষয়ে বিজিবির কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে মারিশ্যা জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES বাঘাইছড়ি ইউনিয়ন বিষয়: