সাজেকের দুর্গম এলাকায় অগ্নিকাণ্ডে ঘর হারানো পরিবারের পাশে সেনাবাহিনী MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে বসতঘর ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা ২৭ মিনিটে কামাল চত্বরের সিজুক ছড়া পানির পয়েন্টসংলগ্ন এলাকায় রাত্রি মনি চাকমা (পিতা: দিব্য মনি চাকমা) নামের এক ব্যক্তির বসতঘরে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে দুপুর ১টা ৩৩ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে কাঠ, বাঁশ ও ছনের তৈরি বসতঘরটি ক্ষতিগ্রস্ত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের আসবাবপত্র, পোশাক, তৈজসপত্রসহ কোনো প্রয়োজনীয় মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ঘরের মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় আনুমানিক ৯০ হাজার থেকে ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে, ঘটনার খবর পেয়ে বাঘাইহাট জোন কমান্ডার তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের নির্দেশনা দেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৭ নভেম্বর) বাঘাইহাট জোনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চারটি শীতের কম্বল, চাল, ডাল, তেল, চিনি, লবণ, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ সহায়তা তুলে দেয়। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করে আসছে। বাঘাইহাট জোনের এ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারটি তাৎক্ষণিকভাবে কিছুটা স্বস্তি পাবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES সাজেক ইউনিয়ন বিষয়: