কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে ম্যানেজিং কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও ম্যানেজিং কমিটির সদস্য আমেনা মারজান, বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কাচালং সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম, বাঘাইছড়ি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ চাকমা, অভিভাবক রুমী আক্তার, সহকারী প্রধান শিক্ষক নেয়ামত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন সহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয়াদি তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোছাইন আহমদ।

সভায় শিক্ষার মানোন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট সবাই বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।