সাজেক সড়ক অবরোধের মধ্যেও জারুলছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬ সাজেক সড়কে অবরোধের কারণে যোগাযোগব্যবস্থায় প্রতিকূলতা সৃষ্টি হলেও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত জারুলছড়ি এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে বাঘাইহাট জোনের আওতাধীন করেঙ্গাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে জারুলছড়ি এলাকার নতুন দোকানে এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। করেঙ্গাতলী ক্যাম্প কমান্ডার মেজর নাহিদ বিন হাফিজের উপস্থিতিতে বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাবিবুল্লাহ হাবিব স্থানীয়দের চিকিৎসাসেবা প্রদান করেন। কার্যক্রম চলাকালে এ পর্যন্ত আনুমানিক ৯০ জন পাহাড়ি ও বাঙালি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে। সাজেক সড়কে অবরোধের কারণে যাতায়াতে বিঘ্ন ঘটায় প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দুর্গম অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে। SHARES বঙ্গলতলী ইনিয়ন বিষয়: