নির্বাচন কেন্দ্র পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করলেন মারিশ্যা জোন অধিনায়ক প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে মারিশ্যা জোন (২৭ বিজিবি)’র জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) তিনি ভোটকেন্দ্রসমূহের নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। ভোটকেন্দ্র পরিদর্শনের পাশাপাশি মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৮৫ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো— বাঘাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়, নিউলাল্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুপকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম বরাদম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মারিশ্যা জোন সদরে মাতাব্বর পাড়া ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের জন্য ৫ হাজার টাকা এবং বাঘাইছড়ি পৌরসভায় সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে পূজা কমিটিকে ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। এ বিষয়ে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম বিজিবি নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছে। তিনি আরও বলেন, পাহাড়ি এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। SHARES প্রচ্ছদ বিষয়: