কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৬
মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক পরিচালিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে সার্বিক শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশ্নপত্র বিতরণ থেকে শুরু করে পরীক্ষা গ্রহণ ও উত্তরপত্র সংগ্রহ পর্যন্ত প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা হয়। দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিতভাবে পরীক্ষা কার্যক্রম তদারকি করেন। নিয়োগ পরীক্ষায় মোট ৩৫ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ৩২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ৯ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে মৌখিক পরীক্ষা শেষে ৩ জন প্রার্থীকে (২ জন নারী ও ১ জন পুরুষ) চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের গভর্নিং বডির সভাপতি ও মারিশ্যা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি-এর সভাপতিত্বে পুরো নিয়োগ পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
পরীক্ষা শেষে গভর্নিং বডির সভাপতি বলেন, যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করাই এই নিয়োগ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য। তিনি আরও জানান, সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম নীতিমালা অনুসরণ করে স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, নির্বাচিত প্রার্থীদের আগামী ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিদ্যালয়ে শিক্ষাদান কৌশল পর্যবেক্ষণের পর চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে।
এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা,  সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মদ সাজু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।