সাজেকে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে শীতার্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের হতদরিদ্র পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়। বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. তারেকুল ইমরান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক, পিএসসি এবং ইউনিটের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সাজেক অদিতি পাবলিক স্কুল মাঠে আয়োজিত এই কর্মসূচিতে ৬ নং আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি জনসাধারণ শীতবস্ত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৬ নং সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মো. রায়হান হোসেন, বাজার সভাপতি নাজিম উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মো. তারেকুল ইমরান বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় শীত মৌসুমে সাধারণ মানুষ চরম কষ্টের মধ্যে দিন কাটায়। সেই কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি জানান, এর আগে ভুয়াছড়ি ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় আজ সাজেকে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, সেনাবাহিনী সবসময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতার্ত মানুষের পাশে থেকে সহায়তার মাধ্যমে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।