বন্যাকবলিত দুই শতাধিক পরিবারকে সেনাবাহিনীর জরুরি খাদ্য সহায়তা প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নের বন্যাকবলিত প্রত্যন্ত এলাকার দুই শতাধিক পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল)। শনিবার (১১ জুলাই) মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ ব্রিগেডের আওতাধীন বাঘাইহাট জোন এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে। জানা যায়, টানা বর্ষণ ও বন্যায় বঙ্গলতলী এবং রূপকারী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে স্থানীয় প্রশাসনের পক্ষে অনেক দুর্গম এলাকায় জরুরি ত্রাণ ও সেবাসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সেনাবাহিনীর সদস্যরা দুর্গত এলাকায় পৌঁছে প্রায় দুই শতাধিক পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাসদস্যরা বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত মানবিক সহায়তা তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে। বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। SHARES বঙ্গলতলী ইনিয়ন বিষয়: