টানা বৃষ্টিতে ভাঙছে বাঘাইছড়ি-দীঘিনালা সড়ক, ঝুঁকিতে যান চলাচল প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, মে ৩, ২০২৬ মো. আরিফুল ইসলাম টানা কয়েকদিনের ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি-দীঘিনালা প্রধান সড়কের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে পাহাড়ি এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যমটি বর্তমানে চরম ঝুঁকির মুখে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের একাধিক অংশে আংশিক ধস নেমেছে। কোথাও সড়কের অর্ধেক অংশ খাদে বিলীন হয়ে গেছে, আবার কোথাও বড় বড় গর্ত তৈরি হয়ে যান চলাচল বিপজ্জনক হয়ে উঠেছে। বিশেষ করে পাহাড়ঘেঁষা ঢালু অংশগুলোতে ভাঙনের মাত্রা বেশি, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। স্থানীয়রা জানান, পাহাড় থেকে নেমে আসা পানির তীব্র স্রোত, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং দুর্বল নির্মাণের কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে সড়কটির একই অবস্থা হয়। বর্ষা এলেই ভাঙন, আর বর্ষা শেষে সাময়িক সংস্কার এ যেন দীর্ঘদিনের চক্রে পরিণত হয়েছে। স্থানীয় মোটরসাইকেল চালক মো. শামীম বলেন, “বর্ষায় এই সড়কে চলাচল মানেই জীবনের ঝুঁকি নেওয়া। সামান্য বৃষ্টিতেই রাস্তার অবস্থা ভয়াবহ হয়ে পড়ে।” ট্রাক চালক শাহআলম বলেন, “প্রতিবারই নামমাত্র মেরামত করা হয়, যা স্থায়ী সমাধান দেয় না। সামান্য বৃষ্টিতেই আবার ভেঙে যায়।” স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সংস্কার কার্যক্রম অনেক ক্ষেত্রে দায়সারা। ভাঙা অংশে অস্থায়ীভাবে মাটি বা ইট ফেলে চলাচল চালু রাখা হলেও মূল সমস্যার সমাধান হয় না। বিশেষজ্ঞরা মনে করছেন, পাহাড়ি এলাকায় টেকসই সড়ক নির্মাণে উন্নত ড্রেনেজ ব্যবস্থা, রিটেইনিং ওয়াল নির্মাণ এবং পানি প্রবাহ নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। উল্লেখ্য, বাঘাইছড়ি-দীঘিনালা সড়কটি পার্বত্য অঞ্চলের অর্থনীতি, শিক্ষা ও চিকিৎসা সেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। SHARES বাঘাইছড়ি উপজেলা বিষয়: