সাজেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফের বাধার অভিযোগ

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাসালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগণের জন্য আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে সাধারণ মানুষকে যেতে বাধা ও নিরুৎসাহিত করার অভিযোগ উঠেছে ইউপিডিএফের বিরুদ্ধে।

আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ মাসালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের তত্ত্বাবধানে এবং সেনাবাহিনীর সহায়তায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হওয়ার কথা রয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, চিকিৎসা কার্যক্রমের বিষয়টি সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ ও মৌখিকভাবে প্রচার করা হচ্ছে। তবে কর্মসূচির খবর ছড়িয়ে পড়ার পর ইউপিডিএফের সদস্যরা স্থানীয় পাহাড়ি জনগণকে নির্ধারিত স্থানে গিয়ে চিকিৎসা সেবা গ্রহণ না করতে বাধা ও নিরুৎসাহিত করছেন বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক মানুষ অর্থনৈতিক ও যোগাযোগগত সীমাবদ্ধতার কারণে নিয়মিত চিকিৎসা সেবা নিতে পারেন না। এমন পরিস্থিতিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসার সুযোগ পাওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের প্রত্যাশা, কোনো ধরনের ভয়ভীতি, বাধা বা বিভ্রান্তির কারণে যেন সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। একই সঙ্গে চিকিৎসা কার্যক্রমটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা।
চিকিৎসা সেবা গ্রহণের বিষয়ে সাধারণ মানুষকে নিজস্ব প্রয়োজন ও বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বানও জানিয়েছেন সংশ্লিষ্টরা।