সাজেক অবরোধ বাস্তবায়নে ১০১ সদস্যের গণকমিটি গঠন MHAMUDUL MHAMUDUL HASSAN প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান সংকট সমাধানে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে চলমান অবরোধ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এ লক্ষ্যে ১০১ সদস্যবিশিষ্ট ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ গঠন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের আহ্বানে আয়োজিত এক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যালোচনা সভা থেকে এ ঘোষণা দেওয়া হয়। সভায় জানানো হয়, সাজেক ইউনিয়নের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সেনা-মদদপুষ্ট জেএসএস সশস্ত্র গ্রুপের সদস্যদের সাজেক থেকে প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে চলমান চতুর্থ দফার অবরোধের মধ্যেই এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গত ৫ নভেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সাজেক সংকট সমাধানে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, সংকট নিরসনে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে। সাজেকবাসীর ন্যায্য দাবি আদায়ে আন্দোলন আরও কঠোর ও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন কমিটি ও অ্যাসোসিয়েশনের নেতারা। এদিকে, বাবুধন চাকমাকে আহ্বায়ক এবং বিজয় কান্তি চাকমাকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট ‘সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি’ গঠন করা হয়েছে। সভা থেকে আরও ঘোষণা দেওয়া হয়, সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় আসা জেএসএস সশস্ত্র গ্রুপের সদস্যদের সাজেক থেকে প্রত্যাহারসহ পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আগামী ২৬ অক্টোবর উজো বাজারে অনুষ্ঠিত বৈঠকে সরকারি প্রতিনিধিদলের কাছে এসব দাবি পেশ করা হলেও তা পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে জানানো হয়। শনিবার (৭ নভেম্বর) সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। ↓ ফটোকার্ড ডাউনলোড SHARES সাজেক ইউনিয়ন বিষয়: