দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ, বাঘাইছড়ি বিদ্যুৎ অফিস ঘেরাও

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৬

রাঙ্গামাটির বাঘাইছড়িতে দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের অভাব এবং সেবা নিয়ে নানা অভিযোগের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন স্থানীয় গ্রাহকরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সামনে শতাধিক গ্রাহক বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সুগত চাকমা আগামী তিন দিনের মধ্যে সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, বাঘাইছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি ট্রান্সফরমার প্রায় দুই মাস ধরে বিকল থাকায় এলাকাবাসী বিদ্যুৎবিহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

গ্রাহকদের দাবি, নতুন ট্রান্সফরমার সরবরাহের জন্য ৮০ হাজার টাকা দাবি করা হয়। পরে এলাকাবাসী চাঁদা তুলে ২৫ হাজার টাকা দিলেও এখনো বিদ্যুৎ সংযোগ চালু করা হয়নি। এছাড়া নিয়মিত অফিস না করা, ফোনে সাড়া না দেওয়া এবং মিটার রিডিং ছাড়াই বিল করার অভিযোগও তোলেন তারা।

এ বিষয়ে আবাসিক প্রকৌশলী সুগত চাকমা বলেন, জনবল সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতার কারণে সেবাদানে সমস্যা হচ্ছে। নতুন ট্রান্সফরমার জেলা সদর থেকে আনতে কিছু ব্যয় রয়েছে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে সমন্বয়ের অভাবও সমস্যা সমাধানে প্রভাব ফেলছে। তবে আগামী রোববারের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দেন।